কখনো কি শুনেছেন যে, আপনার শরীরের হাড়ও ক্ষুধার্ত হয়ে যেতে পারে? একটু অবাক করা হলেও, চিকিৎসাবিজ্ঞানে এমনই এক বাস্তব সমস্যা আছে – এর নাম হাংগ্রি বোন সিনড্রোম।
এটি এমন একটি শারীরিক জটিলতা, যা সাধারণত থাইরয়েড বা প্যারাথাইরয়েড গ্রন্থির অস্ত্রোপচারের পর দেখা দেয়। এই অবস্থায় শরীরের হাড় যেন হঠাৎ ক্যালসিয়ামের জন্য ক্ষুধার্ত হয়ে পড়ে এবং রক্ত থেকে অতিরিক্ত ক্যালসিয়াম শুষে নেয়। ফলে মাথা ঘোরা, হাত-পা ঝনঝন করার মতো লক্ষণ দেখা দেয়, এমনকি খিঁচুনিও হতে পারে। এটি একধরনের হাইপোক্যালসেমিয়া, অর্থাৎ রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া।
বাংলাদেশে অহরহ থাইরয়েড সংক্রান্ত অস্ত্রোপচার হচ্ছে, অথচ এই জটিলতা সম্পর্কে অনেকেই জানেন না। তাই সময় থাকতে সাবধান হওয়া জরুরি। হাংগ্রি বোন সিনড্রোম চিনে প্রয়োজনমতো ব্যবস্থা নিন।
এটা যাদের হতে পারে-
- যেসব রোগীর প্যারাথাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন তৈরি করছিল এবং পরে সেটি কেটে ফেলা হয়েছে, অর্থাৎ হাইপারপ্যারাথাইরয়েডিজম।
- ডায়ালাইসিস করা রোগী যারা সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে আক্রান্ত।
- অ্যাডভান্স প্রোস্টেট ক্যানসার যাদের হাড়ে ছড়িয়ে গেছে।
সবারই কি অপারেশনের পরে এটি হয়?
প্রাথমিক প্যারাথাইরয়েড অপারেশনের পরে প্রায় চার থেকে ১৩ শতাংশ ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। তৃতীয় পর্যায়ের হাইপারপ্যারাথাইরয়েডিজম অপারেশনের পরে এই হার বেড়ে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।
বাংলাদেশে থাইরয়েড বা প্যারাথাইরয়েড অপারেশন অনেক রোগীরই করতে হয়, তাই এই সমস্যা অপরিচিত হলেও গুরুত্বপূর্ণ।
হাড় কেন ক্ষুধার্ত হয়ে যায়?
প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। যখন প্যারাথাইরয়েড গ্রন্থি অতিরিক্ত কাজ করে, তখন শরীরে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে এই গ্রন্থি কেটে ফেলা হলে পিটিএইচ হঠাৎ করে কমে যায়। তখন হাড়গুলো হঠাৎ করে অনেক ক্যালসিয়াম শুষে নেয়। ফলে রক্তে ক্যালসিয়াম কমে যায় এবং দেখা দেয় হাংগ্রি বোন সিনড্রোম।