জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৭ রানের, হাতে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতা যেকোনো দলের জন্যই সহজ। কিন্তু ‘চোকার’ তকমা পাওয়া প্রোটিয়াদের জন্যই বোধহয় এটি কঠিন। দক্ষিণ আফ্রিকাকে আরও একবার ‘চোকার’ বলে প্রমাণ করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ ওভারে মাত্র ৩ রান খরচা করে নিউজিল্যান্ডকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দিয়েছেন তিনি। অথচ ওভার শুরুর আগে উইকেটে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই সেট ব্যাটার জর্জ লিন্ডে ও দেওয়াল্ড ব্রেভিস।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটেই ৯২ রান তুলে ফেলে। লুয়ান ড্রি প্রিটোরিয়াস ৩৫ বলে ৫১ রান করে আউট হলে জুটি ভাঙে। দলীয় ১১৬ রানের মাথায় ওপেনার রিজা হেনড্রিক্স ৩১ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলীয় ১৩১ রানে থাকতেই রসি ফন ডার ডুসেন ও রুবিন হারম্যানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে হারায় ব্রেভিস ও লিন্ডের উইকেট। ফলে হতাশাজনক এক হার হজম করে প্রোটিয়ারা।















