ফ্ল্যাট বাসায় গৃহকর্মীদের বিশ্রামের স্থান নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ফ্ল্যাট বাড়িগুলো আধুনিক হলেও সেখানে গৃহকর্মীদের বিশ্রামের স্থান রাখা হয় না। ভবিষ্যতের বাড়ি নির্মাণে তাদের জন্য উপযুক্ত বিশ্রাম ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
উপদেষ্টা বলেন, গৃহকর্মীদের স্বাস্থ্য ভালো না থাকলে পুরো পরিবারের স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। অথচ তারা নিজেরাও মানুষের মতো মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী। অনেক সময় ক্ষুধা নিবৃত্ত করতে তারা জর্দা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য গ্রহণ করেন। তাই সময়মতো খাবার নিশ্চিত করলে এই সমস্যাও কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এতে আরও বক্তব্য দেন নারী সংস্কার কমিশনের সাবেক সদস্য মাহীন সুলতান, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য রেজকুজ্জামান রতন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম।
















